| Your Ads Here 100x100 |
|---|
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে পার্কিং করার সময় দুটি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
সংঘর্ষে জড়ানো বিমান দুটি হলো কোপা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ এবং ইউপিএস এয়ারলাইন্সের বোয়িং ৭৬৭। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসন (এফএএ) জানিয়েছে, কোপা এয়ারলাইন্সের বিমানটির ডানার ওপরের অংশে ইউপিএসের বিমানটির সামনের নাকের অংশের ধাক্কা লাগে। দুর্ঘটনার সময় দুটি বিমানই পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানে যাওয়ার প্রক্রিয়ায় ছিল।
মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের যোগাযোগ পরিচালক ক্রেগ চিন জানিয়েছেন, এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। তবে আহত ব্যক্তিদের শারীরিক অবস্থা বা তারা কোন বিমানের যাত্রী কিংবা কর্মী, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
দুর্ঘটনার সময় কোপা এয়ারলাইন্সের বিমানে থাকা এক যাত্রী সংবাদমাধ্যম সিএনএনকে জানান, বিমানটি অবতরণের পর স্বাভাবিক গতিতে পার্কিংয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। এ সময় হঠাৎ কাছাকাছি একটি বিমানের বিকট শব্দ শুনতে পান তিনি। এরপর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই চিৎকার শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই অন্য বিমানটি তাদের বিমানে ধাক্কা দেয়।
ওই যাত্রী আরও জানান, সংঘর্ষের মুহূর্তে বিমানের ভেতরে থাকা সবাই প্রচণ্ড ঝাঁকুনি অনুভব করেন। এতে কয়েকজন যাত্রী ভয় পেয়ে যান। তবে পরিস্থিতি সামাল দিতে কোপা এয়ারলাইন্সের কেবিন ক্রুরা দ্রুত এগিয়ে আসেন। তারা যাত্রীদের শান্ত করেন এবং নিজ নিজ আসনে বসে থাকার নির্দেশ দেন।
বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের ভাষ্য অনুযায়ী, ইউপিএস এয়ারলাইন্সের বিমানটিকে কোপা এয়ারলাইন্সের বিমানটিকে আগে যাওয়ার সুযোগ দিতে বলা হয়েছিল। কিন্তু এরপরও কীভাবে দুটি বিমানের মধ্যে সংঘর্ষ ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
কেন ইউপিএসের বিমানের পাইলট নির্দেশনা অনুযায়ী চলতে পারেননি এবং কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে। তদন্ত শেষ হলে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

