| Your Ads Here 100x100 |
|---|
জার্মানিতে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করেছে ঢাকার জার্মান দূতাবাস। এখন থেকে স্নাতক (ব্যাচেলর) ও স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ে পড়াশোনার জন্য জাতীয় শিক্ষার্থী ভিসার আবেদন অনলাইনে করা যাবে। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রও ডিজিটাল পদ্ধতিতে জমা দেওয়ার সুযোগ চালু করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) ঢাকার জার্মান দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে নতুন এই উদ্যোগের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল কনস্যুলার সেবা পোর্টাল ‘আউসল্যান্ডসপোর্টাল’-এর মাধ্যমে নতুন আবেদনব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের ভিসা আবেদনের জন্য আগের তুলনায় কম সময় ও ঝামেলা পোহাতে হবে।
নতুন নিয়মে আবেদনকারীরা দূতাবাসে সাক্ষাৎকারের সময় বা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার আগেই অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। পাশাপাশি ভিসার জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র পোর্টালে আপলোড করে জমা দেওয়া যাবে।
এ ছাড়া আবেদনকারীদের জমা দেওয়া নথিপত্র প্রাথমিকভাবে যাচাইয়ের জন্য ভিএফএসের সহায়তা নেওয়া হবে। এতে কাগজপত্রে কোনো ঘাটতি বা সমস্যা থাকলে তা আগেই চিহ্নিত করা সম্ভব হবে। ফলে দূতাবাসে সরাসরি যাওয়ার পর অতিরিক্ত সময় ব্যয় কিংবা নথিপত্রসংক্রান্ত জটিলতা কমবে বলে আশা করা হচ্ছে।
দূতাবাস জানিয়েছে, নতুন ব্যবস্থায় আবেদনকারীদের সরাসরি উপস্থিতির প্রয়োজনীয়তাও কমানো হয়েছে। দূতাবাসে উপস্থিত হওয়ার পর মূলত আঙুলের ছাপসহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ এবং আবেদনসংক্রান্ত চূড়ান্ত যাচাই করা হবে।
আবেদন জমা দেওয়ার পর সেটির সর্বশেষ অবস্থা জানার সুযোগও থাকছে অনলাইনে। আবেদনকারীরা আউসল্যান্ডসপোর্টালের নিজস্ব ড্যাশবোর্ডে প্রবেশ করে ভিসা আবেদনের অগ্রগতি সম্পর্কে জানতে পারবেন। এ ছাড়া নিয়ম অনুযায়ী যেসব ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে একসঙ্গে আবেদন করার সুযোগ রয়েছে, সেসব ক্ষেত্রেও যৌথভাবে আবেদন জমা দেওয়া যাবে।
আগের অপেক্ষমাণ তালিকার আবেদনকারীদেরও নতুন করে আবেদন করতে হবে
নতুন ডিজিটাল ব্যবস্থা চালুর কারণে আগের শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় থাকা অপেক্ষমাণ তালিকা বাতিল করা হয়েছে। ফলে যারা আগে ভিসার জন্য নিবন্ধন করেছিলেন এবং অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় ছিলেন, তাদেরও নতুন নিয়মে আবার আবেদন করতে হবে।
জার্মান দূতাবাস স্পষ্ট জানিয়েছে, আগের অপেক্ষমাণ তালিকায় থাকা কোনো আবেদনকারীর নিবন্ধন নতুন ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করা হবে না। পুরোনো নিবন্ধনগুলোও আর কার্যকর থাকবে না।
এ কারণে আগে নিবন্ধন করা শিক্ষার্থীসহ নতুন সব আবেদনকারীকে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল কনস্যুলার সেবা পোর্টালে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর নতুন করে আবেদন ফরম পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
নতুন আবেদন পদ্ধতি, ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা এবং আবেদনসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা অনলাইন পোর্টালে পাওয়া যাবে।
আগ্রহী শিক্ষার্থীরা জার্মানির ডিজিটাল কনস্যুলার সেবা পোর্টাল https://digital.diplo.de/ -এ প্রবেশ করে নতুন নিয়মে শিক্ষার্থীভিসার আবেদন করতে পারবেন।

