| Your Ads Here 100x100 |
|---|
ঢালিউডের দুই জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমনির মধ্যকার বিরোধ আবারও প্রকাশ্যে এসেছে। দীর্ঘদিন ধরেই বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে একে অপরকে ইঙ্গিত করে মন্তব্য করে আসছেন তারা। এবার পরীমনির অভিনয়জীবন নিয়ে মন্তব্য করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন অপু বিশ্বাস। তিনি দাবি করেছেন, পরীমনির অভিনীত ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ।
সাম্প্রতিক সময়ে পরীমনিকে ঘিরে বিভিন্ন ঘটনা ও আলোচনা নিয়ে একটি অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা অপু বিশ্বাসের কাছে জানতে চান। জবাবে অপু বলেন, একজন শিল্পীর সব সময় নিজের জীবনযাপন ও আচরণের বিষয়ে সচেতন থাকা উচিত। শিল্পীদের ব্যক্তিগত ও পেশাগত জীবনেও একটি শৃঙ্খলা থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি।
অপুর এই বক্তব্য ভালোভাবে নেননি পরীমনি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান তিনি। ফেসবুক লাইভে এসে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বারিশা হককে ইঙ্গিত করে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ইনফ্লুয়েন্সারের মধ্যে পার্থক্য তুলে ধরেন অপু বিশ্বাস। বিভিন্ন অনুষ্ঠানে ইনফ্লুয়েন্সারদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার বিষয়েও আপত্তি জানান তিনি।
অপুর সেই বক্তব্যের ভিডিও নিজের ফেসবুক পাতায় শেয়ার করে তাকে কটাক্ষ করেন পরীমনি। পোস্টে অপু বিশ্বাসকে উদ্দেশ করে তীর্যক ভাষায় মন্তব্য করেন তিনি। এমনকি তাকে ‘পরগাছা’ ও ‘ব্যাঙাচি’ বলেও বিদ্রুপ করেন পরীমনি। এতে দুই অভিনেত্রীর মধ্যকার পুরোনো বিরোধ আবারও আলোচনায় আসে।
এরপর এবার গণমাধ্যমের সামনে নিজের অবস্থান তুলে ধরেন অপু বিশ্বাস। একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে পরীমনির নাম সরাসরি উল্লেখ না করলেও তার সিনেমার ব্যবসায়িক সাফল্য নিয়ে মন্তব্য করেন এই অভিনেত্রী।
অপু বিশ্বাস বলেন, যার ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ এবং বাকি পাঁচটি সিনেমা এখনো নির্মাণাধীন, সেই ব্যক্তি তার সমপর্যায়ে এসে তাকে নিয়ে পোস্ট করছেন। এ ধরনের মন্তব্যের মাধ্যমে পরীমনিকে সরাসরি জবাব দেন অপু।
তার ভাষায়, ‘যার ২৫টি সিনেমার মাঝে ২০টি সিনেমাই ফ্লপ, ৫টি সিনেমা আন্ডার প্রোডাকশন; সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’
অন্যদিকে, অপুর এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন পরীমনিও। নিজের ফেসবুক পাতায় একটি পোস্ট দিয়ে আবারও অপু বিশ্বাসকে ইঙ্গিত করে কটাক্ষ করেন তিনি। তবে সেই পোস্টেও সরাসরি কারও নাম উল্লেখ করেননি ‘স্বপ্নজাল’ সিনেমার এই অভিনেত্রী।
দুই অভিনেত্রীর এমন পাল্টাপাল্টি মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। শোবিজ অঙ্গনের অনেকেই তাদের এই প্রকাশ্য বিরোধের সমালোচনা করছেন। তাদের মতে, চলচ্চিত্রের কাজ ও নতুন প্রযোজনা নিয়ে আলোচনার পরিবর্তে তারকাদের ব্যক্তিগত বিরোধ সামনে আসায় নেতিবাচক বার্তা যাচ্ছে।
ঢালিউডের চলচ্চিত্রশিল্প যখন নানা সংকট ও দর্শকসংখ্যা কমে যাওয়ার চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, তখন দুই পরিচিত অভিনেত্রীর এমন কাদা ছোড়াছুড়ি নতুন করে প্রশ্ন তুলছে। ব্যক্তিগত বিরোধের বাইরে এসে চলচ্চিত্রের কাজ, অভিনয় ও শিল্পের উন্নয়ন নিয়ে তারকাদের আরও মনোযোগী হওয়া উচিত বলেও মনে করছেন অনেকে।

