25 C
Dhaka
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

যুদ্ধের ভয়াবহ পরিবেশগত ক্ষতি তুলে ধরতে হরমুজ প্রণালীতে তিন দিন সাঁতার কাটলেন ব্রিটিশ লুইস পিউ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের কারণে পরিবেশের ওপর যে ভয়াবহ প্রভাব পড়ছে, তা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ব্রিটিশ সাঁতারু লুইস পিউ। যুদ্ধের পরিবেশগত ক্ষতির বিষয়ে সচেতনতা তৈরি করতে টানা তিন দিন হরমুজ প্রণালীতে সাঁতার কেটেছেন তিনি। এ সময়ে প্রায় ১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন জাতিসংঘের ‘প্যাট্রন অব দ্য ওশেনস’ বা মহাসাগর বিষয়ক পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত এই সাঁতারু।

৫৬ বছর বয়সী লুইস পিউ ইংল্যান্ডের ডেভন জেলার প্লাইমাউথ শহরে জন্মগ্রহণ করেন। তিনি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুদ্ধের কারণে মানুষের পাশাপাশি প্রকৃতিও ভয়াবহ ক্ষতির মুখে পড়ে। কিন্তু যুদ্ধের পরিবেশগত প্রভাব নিয়ে খুব কমই আলোচনা হয়।

তিনি বলেন, যুদ্ধ মানুষের জীবনে অপরিসীম দুর্ভোগ নিয়ে আসে। প্রাণহানি ঘটে, পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘরবাড়ি, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে। তবে যুদ্ধের আরেকটি বড় শিকার প্রকৃতি। অথচ এ বিষয়টি অনেক সময় মানুষের নজরের বাইরে থেকে যায়।

লুইস পিউ চলমান সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে হরমুজ প্রণালী দ্রুত খুলে দেওয়া এবং যুদ্ধের কারণে সামুদ্রিক পরিবেশের যে ক্ষতি হয়েছে, তা মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

ধারণা করা হচ্ছে, গত মার্চে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর হরমুজ প্রণালীতে দীর্ঘ দূরত্ব সাঁতরে পাড়ি দেওয়ার চেষ্টা করা প্রথম ব্যক্তি লুইস পিউ। তিন দিনের এই অভিযানে তিনি প্রণালির মুসানদাম দ্বীপ থেকে ওমানের মুসানদাম উপদ্বীপের উত্তর প্রান্তে অবস্থিত ‘কেপ অব হরমুজ’ পর্যন্ত সাঁতার কাটেন।

লুইস পিউয়ের ব্যক্তিগত সংস্থা ‘লুইস পিউ ফাউন্ডেশন’-এর তথ্য অনুযায়ী, এই অভিযান ছিল বেশ ঝুঁকিপূর্ণ। প্রথম দিন তিনি যে এলাকায় সাঁতার কাটছিলেন, সেখান থেকে প্রায় চার কিলোমিটার দূরে একটি তেলবাহী ট্যাঙ্কারে কোনো কিছুর আঘাত লাগে।

দ্বিতীয় দিন সাঁতার কাটার সময় একটি ভূখণ্ডের অপর পাশে আগুনের শিখা দেখতে পান তিনি। ওই এলাকার কাছেই ‘তারা গ্যাস’ নামের একটি জাহাজ অবস্থান করছিল। তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি বহনকারী জাহাজটিতে তখন আগুন জ্বলছিল। জ্বলন্ত জাহাজটির খুব কাছ দিয়েই সাঁতরে যেতে হয় তাঁকে।

এ প্রসঙ্গে লুইস পিউ বলেন, জাহাজটিতে আগুন দেখতে পেয়ে প্রথমেই তাঁর মনে হয়েছিল, সেখানে থাকা নাবিকদের কী অবস্থা হয়েছে।

তিনি বলেন, জাহাজটিতে আগুনের শিখা ছিল অত্যন্ত বড়। এসব জাহাজে সহজে আগুন ধরে যেতে পারে এমন গ্যাস বহন করা হয়। ফলে এ ধরনের জাহাজে হামলা হলে তা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। এতে শুধু জাহাজের নাবিকদের জীবনই ঝুঁকির মুখে পড়ে না, আশপাশের সামুদ্রিক পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

লুইস পিউয়ের মতে, যুদ্ধের সময় মানুষের প্রাণহানি ও মানবিক বিপর্যয় নিয়ে স্বাভাবিকভাবেই বেশি আলোচনা হয়। কিন্তু পরিবেশের ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব অনেক ক্ষেত্রেই গুরুত্ব পায় না। অথচ যুদ্ধ শেষ হওয়ার পরও প্রকৃতির ওপর এর ক্ষতিকর প্রভাব বহু বছর ধরে থেকে যেতে পারে।

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালী। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের ক্ষেত্রে এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় ২০ শতাংশ এই প্রণালী দিয়ে পরিবহন করা হতো। ফলে এ অঞ্চলে সংঘাতের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকে না, বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহেও এর প্রভাব পড়ে।

তবে জ্বালানি পরিবহনের পাশাপাশি জীববৈচিত্র্যের জন্যও হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জলপথ ও আশপাশের সামুদ্রিক এলাকায় ডুগং, সামুদ্রিক কচ্ছপ এবং তিমি হাঙরের মতো বিভিন্ন প্রজাতির প্রাণীর বসবাস রয়েছে।

লুইস পিউ সতর্ক করে বলেন, যুদ্ধের কারণে তেল ছড়িয়ে পড়া এবং অন্যান্য ধরনের দূষণ সামুদ্রিক পরিবেশের ওপর দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে প্রবাল প্রাচীর, সামুদ্রিক ঘাসের তৃণভূমি এবং ম্যানগ্রোভ বন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এসব প্রাকৃতিক আবাসস্থল সামুদ্রিক প্রাণীর বেঁচে থাকা ও প্রজননের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একবার এগুলো ক্ষতিগ্রস্ত হলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে দীর্ঘ সময় লাগতে পারে।

তাই যুদ্ধের কারণে মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রকৃতি এবং সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন বলে মনে করেন লুইস পিউ। তাঁর তিন দিনের এই সাঁতার অভিযানের মূল উদ্দেশ্য ছিল যুদ্ধের আড়ালে থেকে যাওয়া পরিবেশগত বিপর্যয়ের বিষয়টি বিশ্ববাসীর সামনে তুলে ধরা।

- Advertisement -spot_img
সর্বশেষ

ইসরায়েলি দখলদারত্ব ও ইরানের হস্তক্ষেপ বন্ধের আহ্বান লেবাননের প্রেসিডেন্টের

লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের দখলদারত্ব এবং দেশটির অভ্যন্তরীণ বিষয়ে ইরানের হস্তক্ষেপের অবসান চান প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি বলেছেন, এই দুই...