26 C
Dhaka
বুধবার, নভেম্বর ১১, ২০২৬

ন্যায়সংগত জলবায়ু অর্থায়নে অনুদান বাড়ানোর আহ্বান বাংলাদেশের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য ন্যায়সংগত, পূর্বানুমেয় ও অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে জলবায়ু অর্থায়নে ঋণের পরিবর্তে অনুদানের পরিমাণ বাড়ানো এবং উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে দেশটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) কপ৩১ জলবায়ু সম্মেলনের একটি পার্শ্ব অনুষ্ঠানে বাংলাদেশ এ আহ্বান জানায়। সম্মেলনের গ্রিন জোনে অবস্থিত বাংলাদেশ জুট প্যাভিলিয়নে এ অধিবেশনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয় ও এর অংশীদাররা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উন্নয়নশীল দেশগুলো। অথচ জলবায়ু মোকাবিলায় প্রয়োজনীয় অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে এসব দেশ নানা বাধার মুখে পড়ছে। বিশেষ করে অর্থায়নের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে তা যথাসময়ে এবং প্রয়োজন অনুযায়ী পাওয়া যাচ্ছে না।

বক্তারা জানান, কপ২৯ সম্মেলনে গৃহীত নতুন সম্মিলিত পরিমাণগত লক্ষ্যমাত্রা (এনসিকিউজি) অনুযায়ী, উন্নত দেশগুলোর কাছ থেকে ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে অন্তত ৩০ হাজার কোটি মার্কিন ডলার জলবায়ু অর্থায়ন পাওয়ার কথা। এটি বছরে ১ দশমিক ৩ ট্রিলিয়ন বা ১ লাখ ৩০ হাজার কোটি ডলার সংগ্রহের বৃহত্তর লক্ষ্যের অংশ।

এ ছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য অভিযোজন খাতে অর্থায়ন অন্তত তিন গুণ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।

তাদের মতে, ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অভিযোজন কার্যক্রম পরিচালনায় বছরে প্রায় ৩০ হাজার ৫০০ কোটি ডলার প্রয়োজন হবে। কিন্তু বর্তমানে সরকারি উৎস থেকে যে অর্থ পাওয়া যাচ্ছে, তা প্রয়োজনীয় অর্থের প্রায় এক-দশমাংশ মাত্র।

বক্তারা বলেন, জলবায়ু অর্থায়নের বড় অংশ এখনো নির্গমন কমানোর কার্যক্রম বা প্রশমন খাতে ব্যয় হচ্ছে। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলা ও এর সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় অভিযোজন খাতে অর্থায়ন তুলনামূলকভাবে কম। পাশাপাশি অনুদানের পরিবর্তে ঋণের ওপর বেশি নির্ভর করা হচ্ছে।

এতে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশ এবং ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলো নতুন করে ঋণের বোঝায় পড়ছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় অর্থ সংগ্রহ করতে গিয়ে এসব দেশকে আবার সেই অর্থের সুদ ও আসল পরিশোধের চাপও সামলাতে হচ্ছে। ফলে জলবায়ু কার্যক্রম বাস্তবায়ন আরও কঠিন হয়ে উঠছে।

অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনার অর্থায়ন নিয়েও আলোচনা হয়। ২০২৩ থেকে ২০৫০ সাল পর্যন্ত জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশের আনুমানিক ২৩ হাজার কোটি মার্কিন ডলার প্রয়োজন। এর বড় একটি অংশ আন্তর্জাতিক সহায়তা থেকে আসার কথা থাকলেও এখনো সেই অর্থের নিশ্চয়তা পাওয়া যায়নি।

এ পরিস্থিতিতে বাংলাদেশসহ বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর প্রতিনিধিরা জলবায়ু অর্থায়নে উন্নত দেশগুলোর নেতৃত্বে সরকারি অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তারা বলেন, এ অর্থায়নের প্রধান অংশ হতে হবে অনুদানভিত্তিক। কারণ বেসরকারি খাত এখন পর্যন্ত জলবায়ু মোকাবিলায় প্রয়োজনীয় পরিমাণ অর্থ বিনিয়োগে এগিয়ে আসেনি।

বক্তারা আরও বলেন, জলবায়ু অর্থায়ন হতে হবে স্বচ্ছ ও পূর্বানুমেয়। কোন দেশ কী পরিমাণ অর্থ পাবে এবং কখন পাবে, সে বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে। পাশাপাশি অর্থায়নের শর্ত এমন হওয়া প্রয়োজন, যাতে তা দাতাদের নিজস্ব অগ্রাধিকারের পরিবর্তে সংশ্লিষ্ট দেশের জাতীয় উন্নয়ন ও জলবায়ু পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।

এ জন্য ঋণনির্ভর অর্থায়ন থেকে বেরিয়ে আসার পাশাপাশি ঋণ-ত্রাণ ব্যবস্থা এবং বিশেষ উত্তোলন অধিকার (এসডিআর) ব্যবহারের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার প্রস্তাব দেন তারা। একই সঙ্গে ৩০ হাজার কোটি ও ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের অর্থায়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা বা রোডম্যাপ তৈরির দাবি জানানো হয়।

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সহায়তায় গঠিত ক্ষয়ক্ষতি মোকাবিলা তহবিলের অর্থও নিয়মিত ও বিশ্বাসযোগ্যভাবে পুনরায় পূরণ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, জলবায়ু অর্থায়ন কোনো দাতব্য সহায়তা নয়। এটি উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা এবং জলবায়ু ন্যায়বিচারের অংশ। এ ক্ষেত্রে জাতিসংঘের জলবায়ু নীতিতে স্বীকৃত অভিন্ন কিন্তু ভিন্নতর দায়িত্ব ও নিজ নিজ সক্ষমতার (সিবিডিআর-আরসি) নীতি অনুসরণ করতে হবে। অর্থাৎ জলবায়ু সংকট তৈরিতে যেসব দেশের ঐতিহাসিক দায় বেশি এবং যাদের অর্থনৈতিক সক্ষমতা বেশি, তাদেরই বেশি দায়িত্ব নিতে হবে।

অনুষ্ঠানে ন্যায়সংগত জলবায়ু অর্থায়নের ইতিবাচক সম্ভাবনা তুলে ধরতে বাংলাদেশের পাটশিল্পের উদাহরণ দেওয়া হয়। বক্তারা বলেন, পাটের চাষ ও ব্যবহার পরিবেশবান্ধব অর্থনীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কার্বন-ঋণাত্মক পদ্ধতিতে পাট চাষ, পুনরুজ্জীবনমূলক কৃষি এবং পাট থেকে পচনশীল প্লাস্টিকের বিকল্প পণ্য তৈরি করে পরিবেশ সুরক্ষার পাশাপাশি নতুন কর্মসংস্থান ও রপ্তানির সুযোগ সৃষ্টি করা সম্ভব।

এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে উন্নয়নশীল দেশগুলোর জন্য সরাসরি অর্থায়ন পাওয়ার সুযোগ বাড়ানো, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদার এবং বাণিজ্য ও জলবায়ু নীতির মধ্যে সমন্বয় তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশ আশা প্রকাশ করেছে, কপ৩১ সম্মেলনের এই আলোচনা জলবায়ু অর্থায়নে ন্যায়সংগত দাবি প্রতিষ্ঠায় দেশটির অবস্থান আরও শক্তিশালী করবে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলমান সম্মেলনের আলোচনায় উন্নয়নশীল দেশগুলোর প্রকৃত চাহিদা ও স্বার্থ যথাযথভাবে গুরুত্ব পাবে বলেও প্রত্যাশা জানিয়েছে বাংলাদেশ।

- Advertisement -spot_img
সর্বশেষ

হরমুজ প্রণালিতে অক্টোবরে রেকর্ড ৩৭ বাণিজ্যিক জাহাজে হামলা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘাত কিছুটা স্থগিত থাকলেও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা...