| Your Ads Here 100x100 |
|---|
পাবনার সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় অফিসের সাইনবোর্ডে আগুন দেওয়ার পাশাপাশি জানালার কাচও ভাঙচুর করা হয়।
বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আসাদুজ্জামান।
তিনি জানান, মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত গ্রামীণ ব্যাংকের দোগাছি বাজার শাখা কার্যালয়ে হামলা চালায়। প্রথমে তারা অফিসের সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয়। এরপর কার্যালয়ের থাইগ্লাস ভাঙচুর করে।
একপর্যায়ে দুর্বৃত্তরা অফিসের সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। এ সময় কার্যালয়ের ভেতরে নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করছিলেন আব্দুল ওহাব।
আগুন দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে বাড়ির মালিক, ব্যাংকের কর্মী এবং আশপাশের স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তারা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায় কার্যালয়ের ভেতরের অংশ।
গ্রামীণ ব্যাংকের এজিএম আসাদুজ্জামান জানান, আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্র বা নথিপত্রের ক্ষতি হয়নি। তবে কার্যালয়ের সামনের অংশে আগুন দেওয়ায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, আগুন দেওয়ার খবর পেয়ে রাতেই পুলিশের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে বুধবার সকালে পুলিশের আরেকটি দল সেখানে গিয়ে ঘটনার বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

